চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে, আশা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৪, ০১:০০ পিএম

চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে, আশা মির্জা ফখরুলের

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২১ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতা বিপ্লবের পর চীনা রাষ্ট্রদূতের বিএনপি চেয়ারপারসনের অফিসে আসা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের প্রতি চীনের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি ডেভেলপমেন্টে ও একই সঙ্গে তারা স্পষ্ট করে বলেছেন যে, তারা (চীন) আধিপত্যবাদে বিশ্বাস করেন না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বহু আগে থেকেই চীন সবসময় বাংলাদেশের জনগণের প্রতি যে প্রতিশ্রুতি তারা আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন। একই সঙ্গে চীন সারা বিশ্বে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটাও আমরা অ্যাপ্রিশিয়েট করছি। বিশেষ করে অনূন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছে, তার জন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।”

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীনা রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “তারা (চীন) মনে করে যে, বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং বাংলাদেশে চীনের যে বিনিয়োগ দেশের উন্নয়নের সেটা আরও বাড়বে।”

মির্জা ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের সঙ্গে চীনের পারস্পরিক বিশ্বাস ও আস্থার সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে। চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর থেকে গভীরতর হবে। আমরা পরিস্কার করে বলতে চাই, ওয়ান চায়না পলিসিতে বিএনপি সবসময় বিশ্বাস করে এসেছে। আমরা এখনো সেই ঘোষণাটা আরও দৃঢ়তার সঙ্গে বলতে চাই।”

পারস্পরিক সম্পর্কোন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেছি: চীনা রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেছি। চীনা কমিউনিস্ট পার্টি ও বিএনপি একসঙ্গে কাজ করতে চায়। এ ব্যাপারে আমরা আজ আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “এই সম্পর্ককে আরও নিবিড় ও সুদৃঢ় করে আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।”

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন ও বাংলাদেশের উন্নয়নে চীনের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন চীনের রাষ্ট্রদূত। বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

Link copied!