ছবি: বাংলাদেশ হাইকমিশন নিউ দিল্লি (ফেসবুক পেজ)
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
সোমবার (৪ মে) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে রুনা লায়লা বলেন, সংগীত মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিকতার সেতুবন্ধন তৈরি করে, যা দেশ-সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করতে সক্ষম।
অনুষ্ঠানে তিনি ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এই দুই কিংবদন্তির যৌথ পরিবেশনা। তারা একসঙ্গে জনপ্রিয় গান ‘ইস্টিশানের রেইল গাড়িটা’ পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।

উৎসব আয়োজক কমিটি এবং ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই পরিবেশনাটি ছিল সন্ধ্যার অন্যতম স্মরণীয় পর্ব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঐতিহাসিক মঞ্চায়ন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।