ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও প্রমাণ করলেন যে তিনি শুধু রুপালি পর্দার তারকাই নন, ব্যবসায়িক দুনিয়াতেও তার শক্ত অবস্থান রয়েছে। ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী তিনি বর্তমানে ভারত ও বলিউডের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা ধরে রেখেছেন।
গত ৫ মার্চ প্রকাশিত এই তালিকায় ১৫ জানুয়ারি পর্যন্ত করা হিসাব অনুযায়ী শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ হাজার কোটি টাকার বেশি এবং ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকার সমান। বিশ্বব্যাপী বিলিয়নিয়ার তারকাদের সংক্ষিপ্ত তালিকায় তার এই অবস্থান কেবল অভিনয়ের গুণে নয়, বরং বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য ও শক্তিশালী ব্র্যান্ড ভ্যালুর ফল।
হুরুনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। ২০২৫ সালে তার মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি।
সম্পদের পরিমাণ কিছুটা কমলেও বৈশ্বিক পরিমণ্ডলে তার অবস্থান এখনো উল্লেখযোগ্য। বিশ্বের ধনী তারকাদের তালিকায় তার নাম উচ্চারিত হচ্ছে জে-জেড (২.৮ বিলিয়ন ডলার), টেইলর সুইফট (১.৬ বিলিয়ন ডলার) এবং রিয়ানা (১.৫ বিলিয়ন ডলার)-এর মতো তারকাদের পাশে। উল্লেখ্য, বর্তমানে ভারত ৩০৮ জন বিলিয়নিয়ার নিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে; তালিকার শীর্ষে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।
শাহরুখ খানের এই বিশাল সম্পদের পেছনে রয়েছে তার বহুমুখী আয়ের উৎস। চলচ্চিত্রে অভিনয়ের পারিশ্রমিকের পাশাপাশি তার মালিকানাধীন প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বর্তমানে বলিউডের অন্যতম প্রভাবশালী সংস্থা।
এ ছাড়া আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স-সহ বিশ্বজুড়ে বিভিন্ন ক্রিকেট লিগে তার দলগুলোর ব্যবসায়িক সাফল্যও তাকে আর্থিকভাবে শক্ত অবস্থানে নিয়ে গেছে। বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও তিনি বিপুল অর্থ আয় করেন। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি নিজেকে শুধু অভিনেতা হিসেবেই নয়, বরং একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
পেশাগত জীবনেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। তার পরবর্তী বড় প্রজেক্ট কিং ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিদ্ধার্থ আনন্দ-এর পরিচালনায় নির্মিত এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তার মেয়ে সুহানা খান।
এ ছাড়াও ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং অনিল কাপুর-এর মতো তারকাদের। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক দূরদর্শিতা ও বিনিয়োগ কৌশল শাহরুখ খানকে শুধু ভারতীয় চলচ্চিত্রের সফল ব্যক্তিত্বই নয়, বরং বিশ্বের অন্যতম ধনী আইকনে পরিণত করেছে।