এ ভালোবাসাই আমার শক্তি, এ সমর্থনই আমার অনুপ্রেরণা: শাকিব খান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৫:৫৪ পিএম

এ ভালোবাসাই আমার শক্তি, এ সমর্থনই আমার অনুপ্রেরণা: শাকিব খান

ছবি: সংগৃহীত

জন্মদিনে ভক্তদের অগণিত ভালোবাসায় সিক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। জীবনের প্রতিটি মুহূর্তে ভক্তদের পাশে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শনিবার (২৮ মার্চ) ছিল এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। বিশেষ এ দিনে দেশ-বিদেশের অসংখ্য ভক্তের ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসেন তিনি।

ভক্তদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের ভালোবাসাতেও অভিভূত শাকিব খান। তাই রোববার (২৯ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দেন তিনি। সেখানে লেখেন,
‘গতকাল আমার জন্মদিনে দেশ-বিদেশ থেকে পাওয়া অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছায় আমি এখনও অভিভূত। পাশে থাকার জন্য এবং এত আন্তরিকতার সাথে এ বিশেষ দিনটি উদ্‌যাপন করার জন্য সকল শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকে আমার আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা।’

তিনি আরও লেখেন,
‘এ ভালোবাসাই আমার শক্তি, এ সমর্থনই আমার অনুপ্রেরণা। আমি প্রতিজ্ঞা করছি, সবসময় আপনাদের আমার সেরাটা দিয়ে যাব। কৃতজ্ঞ, বিনীত এবং সত্যিই ধন্য।’

এদিকে, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমার পর এবার রকস্টার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। এতে তার বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তানজিয়া জামান মিথিলা।

Link copied!