আনকাট সার্টিফিকেট পেল শাকিবের ‘রকস্টার’

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৫, ২০২৬, ০১:১৪ পিএম

আনকাট সার্টিফিকেট পেল শাকিবের ‘রকস্টার’

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে রকস্টার। মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বহুল প্রতীক্ষিত সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ (U)’ বা আনকাট সার্টিফিকেট পেয়েছে। ফলে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই সিনেমাটি দর্শকদের সামনে আসবে।

সিনেমাটির পরিচালক আজমান রুশো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সান মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্র নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

ঈদকে ঘিরে প্রতি বছর বড় বাজেট ও তারকানির্ভর সিনেমাকে কেন্দ্র করে দর্শকদের আলাদা প্রত্যাশা থাকে। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় উঠে এসেছে ‘রকস্টার’। মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্শকদের কৌতূহল। সিনেমাটিতে এক রকস্টারের জীবনের গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ শাকিব খানের সঙ্গে তিন নায়িকার উপস্থিতি। গল্পে এই তিন নায়িকার উপস্থিতিতে রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে, তা নিয়েই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি প্রকাশিত টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারাস উপস্থিতিতে দেখা গেছে সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েককে।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, ঈদে ঢালিউড বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে ‘রকস্টার’।

Link copied!