ম্যাচের শেষ বলের নাটকীয়তায় বাংলাদেশের সমর্থকদের অবস্থা হয়েছিল দম বন্ধ হয়ে যাওয়ার মতো। জিতে যাওয়ার উল্লাস শেষে দেখা যায় খেলাই শেষ হয়নি এখনো।
জিম্বাবুয়ের বিপক্ষে ৪ রানে জিতে গেল বাংলাদেশ। সবসময়ের মতো বিজয়ী দল ও পরাজিত দলের মধ্যে হ্যান্ডশেক সম্পন্ন করে দুই টিমই ফিরে যেতে থাকে ড্রেসিং রুমে।
এদিকে ফিল্ড আম্পায়াররা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি শেষ বলটিতে কি মুজারাবানি আউট হয়েছেন না কি বলটি নো বল হয়েছে। থার্ড আম্পায়ার রিভিউতে রিপ্লেতে দেখা যায়, বল স্ট্যাম্পে আসার আগেই সোহানের গ্লাভসে। ক্রিকেট আইন অনুযায়ী, মুজারাবানি নটআউট আর লাস্ট বলটি হয়ে গেল নো বল। স্ক্রিনে সবাই দেখলো নট আউট ও নো বল ডিসিশন। জিম্বাবুয়ে পেলো ১ রান সাথে নো-বলের বিপরীতে ফ্রি-হিটের সুযোগ তো আছেই।
সুতরাং, হিসাব অনুযায়ী ম্যাচটির ১ বল মাঠে গড়ানো বাকি তাই আবারও মাঠে নামলো বাংলাদেশ দল ও জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান। আবারও টেনশন বাংলাদেশ দল ও সমর্থকদের। ১ বলে যদি ৪ রান করে ফেলে জিম্বাবুয়ে! জিতে যাওয়া ম্যাচটি চলে যায় হারের খাতায়! অবশেষে বাংলাদেশের সমর্থকদের স্বস্তি দিয়ে শেষ বলে কোনো রান না দিয়ে বাংলাদেশ জিতলো ৩ রানে।
এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখে অবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আর একটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম।’
বাংলাদেশের ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মজার ছলে পাপন বলেন, ‘দর্শকদের হার্ট অ্যাটাক হতে পারে। এ রকম যদি হয়, তাহলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হবে তার ঠিক নেই। এটা টু মাচ। আর একটু হলে তো আমি জ্ঞানই হারিয়ে ফেলতাম।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের সর্বোচ্চ উইকেটের মালিক তাসকিনের প্রশংসা করে তিনি বলেন, ‘অসাধারণ। একটা কথা যদি আমি বলি, তাসকিন কী দারুণ বল করছে। মুস্তাফিজুর রহমান দুর্দান্ত কামব্যাক করেছে।’
রোববার (৩০ অক্টোবর) সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় অনিবার্য ছিল বাংলাদেশের। টাইগাররা সেই মিশনে সফল। রোডেশীয়দের বিপক্ষে ৩ রানে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের ১৫০ রানের জবাবে সব কটি ওভার শেষে ১৪৭ রান করতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে।
এ জয়ের ফলে সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন দুইয়ে। ৩ ম্যাচে টাইগারদের নামের পাশে ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানে হার বরণ করে সাকিব বাহিনী।