চীনের হাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এর আগে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এবং এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির যৌথ উদ্যোগে এশিয়ার বিভিন্ন দেশে ফান রান প্রোগ্রাম করছে তারা। এরই অংশ হিসেবে গেমসের প্রচারের জন্য আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে ফান রান।
ইতোমধ্যে ওসিএ ও এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির পাঁচ সদস্য বাংলাদেশে অবস্থান করছেন। ফান রানের র্যালিটি সকাল সাড়ে সাতটায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এসে শেষ হবে। সকাল নয়টায় পল্টন মাঠে প্রীতি দৌড় এবং দুপুর দুইটায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করবেন কর্মকর্তারা। ফান রান র্যালিতে বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাগণ অংশ নেবেন।
র্যালি শেষে পল্টন ময়দানে প্রীতি দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং বিজয়ীদের এশিয়ান গেমসের অর্গানাইজিং কমিটি কর্তৃক সরবরাহকৃত স্মারক মেডেল দেওয়া হবে। মঙ্গলবার বিওএর ডাচ্-বাংলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এশিয়ান গেমসের শেফ দ্য মিশন ও বিওএর কোষাধ্যক্ষ একে সরকার। এ সময় বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপমহাসচিব আশিকুর রহমান মিকু, ফান রান অর্গানাইজিং কমিটির সদস্য সচিব এম বি সাইফ এবং বিওএ মহাপরিচালক ব্রি. জেনারেল এম সামছ এ খান উপস্থিত ছিলেন।