অনিশ্চিত জীবন থেকে মুক্তির আশায় বার্মিংহাম কমনওয়েলথ গেমস ভিলেজ থেকে পালিয়েছে ৯জন এ্যাথলেটসহ ১০ শ্রীলংকান। দেশটির শীর্ষ কর্মকর্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
অর্থনৈতিক সংকটে ঋণের বোঝা মাথায় নিয়ে দেউলিয়া হয়ে যাওয়া দেশটির নাগরিকদের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। মারাত্মক এই সংকট থেকে মুক্তির আশায় দেশটির অনেক নাগরিকই অন্যান্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। সেই ধারাতেই এবার ইংল্যান্ডে কমনওয়েলথ গেমসে অংশ নিতে গিয়ে এই পলায়নের ঘটনা ঘটেছে। সূত্রটি জানিয়েছে এর মধ্যে ৯জন এ্যাথলেট ও একজন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে তিনজন গত সপ্তাহে পালিয়ে গিয়েছেন যাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন জুডোকা চামিলা ডিলাইনি, তার ম্যানেজার আসেলা ডি সিলভা ও কুস্তিগীর শানিথ চাতুরাঙ্গা। এই তিনজনের ব্যপারে শ্রীলংকান কর্মকর্তারা সাথে সাথেই স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে।
এরপরপরই আরো সাতজন ভিলেজ থেকে পালিয়ে গেছে যাদের নাম এখনো নিশ্চিত করা হয়নি। যুক্তরাজ্যে নিশ্চিত ভবিষ্যতের আশায় তারা পালিয়ে গেছেন বলে ধারনা করা হচ্ছে।