একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জিতে সর্বকালের সেরা ফুটবল কিংবদন্তি তিনি। জীবনের সব প্রতিবন্ধকতাকে পায়ে ঠেলে গলির ফুটবল থেকে বিশ্বজয় করেছেন ফুটবলের কালো মানিক পেলে। ১৫ বছর বয়সে ক্লাব ফুটবল ও ১৬ বছর বয়সে গায়ে জড়িয়েছিলেন জাতীয় দলের জার্সি।
১৯৫৭ সালে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৬ বছর ৯ মাস বয়সে ব্রাজিলের পক্ষে প্রথম গোল করেন পেলে। এই গোলের জন্য আন্তর্জাতিক অঙ্গনের সর্বকনিষ্ঠ গোলদাতার সম্মান পান তিনি।
ব্রাজিলের ইতিহাসে এখনো সর্বোচ্চ গোলদাতা পেলে। তার সময়ে টানা ২ বার বিশ্বকাপ জেতা একমাত্র দলও ব্রাজিল। ৫৮ ও ৬২তে টানা দুইবার বিশ্বকাপ জেতার পর আরেকটি জিতেছিলেন ১৯৭০ সালে। ৭৭ বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানার সময় তার গোলসংখ্যা ১২৮১টি।
ব্রাজিলের হয়ে পেলের গোল ৯৫টি। তার মধ্যে ৭৭টি অফিসিয়াল এবং বাকিগুলো আনঅফিসিয়াল। পেলে বিশ্বের একমাত্র তারকা যার হ্যাটট্রিক ৯২টি।
ফিফা বিশ্বকাপে ব্রাজিলের এই মহাতারকার গোল ১২টি। তার মধ্যে ১৯৫৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে তারই গোলে জিতেছিল ব্রাজিল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক এবং ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিল পেলে। এছাড়া ১৯৭০ বিশ্বকাপে ফাইনালে ইতালির বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
১৯৭০ সালে ব্রাজিল দল বিশ্বকাপ জিতলে পরপর চার বিশ্বকাপের মধ্যে তিনবার শিরোপা জেতায় জুলে রিমে ট্রফিটি একেবারেই দিয়ে দেওয়া হয় ব্রাজিলকে। ১৯৭০ সালের বিশ্বকাপের মধ্য দিয়ে নিজেকে সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে প্রমাণ করেন পেলে।
মাত্র ১৭ বছর বয়সে ফুটবল বিশ্বকাপ জয়ী মহানায়ক পেলের আজ জন্মদিন। পরিবারের দেয়া নাম এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের এক দরিদ্র পরিবারে জন্ম নেন এই বিখ্যাত ফুটবলার।