আগামী ১০ জুন ইস্তামবুলে মুখোমুখি হবে ইন্টার ও সিটি। প্রায় এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার। অন্য দিকে, পেপ গার্দিওলার টিমের বিজয়রথ থামানো যাচ্ছে না। ইউরোপ সেরার লড়াই যেমন দুটো টিম, দুই কোচের, তেমনই ফুটবলারদের। আরও ভালো করে বললে, ফাইনালে একে অপরের প্রতিপক্ষ আর্জেন্টিনার জাতীয় দলের দুই বন্ধু জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজ।
২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপজয়ী দলের সদস্য তাঁরা। লিওনেল মেসির সঙ্গে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। এ বার নিজ নিজ ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতানোর পালা। এর পাশাপাশি আর্জেন্টিনার দুই বিশ্বকাপজয়ী ফুটবলারের লক্ষ্য থাকবে এক বিরল কৃতিত্বে।
প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে এক মৌসুমে ফুটবল বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ার সুযোগ থাকছে দু’জনের সামনে।