হারারেতে দ্বিতীয় টি টোয়েন্টিতে সহজ জয় বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩১, ২০২২, ০৮:০৫ পিএম

হারারেতে দ্বিতীয় টি টোয়েন্টিতে সহজ জয় বাংলাদেশের

মোসাদ্দেকের দারুণ বোলিং (৫/২০) ও লিটন দাসের (৩৩ বলে ৫৬) ফিফটিতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিতল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় এসেছে। ২ আগস্ট তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল। 

জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ১৭.৩ ওভারে ৩ উইকেটে জয় তুলে নেয় ১৩৬/৩)। আফিফ ৩০ ও সোহান ১৯ রানে অপরাজিত ছিলেন। 

লিটন দাস দারুণ ব্যাটিং করেন। ৩৩ বলে ৫৬ রান করে আউট হন ডান হাতি এই ব্যাটসম্যান। তার ইনিংসে ৬টি চার ও ২টি চারের মার রয়েছে।

এনামুল হক বিজয়ের ব্যাটিং আবারো প্রশ্নবিদ্ধ। আজ তিনি ১৫ বলে ১৬ রান করে আউট হন। মুনিম শাহরিয়ারও ব্যর্থ। যিনি ৭ রান করতে পেরেছেন।

এর আগে বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের ঘূর্নিতে আজ বেশি রান করতে পারেনি জিম্বাবুয়ে। মাত্র ২০ রান দিয়ে নেন ৫ উইকেট। জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিং নিয়েছিল। ২টি পরিবর্তন নিয়ে খেলতে নামা বাংলাদেশ ভাল করেছে। জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছে।

৩১ রানে ৫ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম ৫ উইকেটই সৈকতের। বাংলাদেশের অন্য বোলাররা সুবিধা করতে পারেননি তেমন। সিকান্দার রাজা ৫৩ বলে ৬২ রান করেন। রায়ান বার্ল ৩২ রানের ইনিংসটি খেলে জিম্বাবুয়েকে কক্ষপথে আনার চেষ্টা করেন। রাজা ও বার্ল ৬ষ্ঠ উইকেট জুটিতে ৮০ রান যোগ করেন। মোস্তাফিজ ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন। 

এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি চারবার ইনিংসে পাঁচ উইকেট শিকার করলো বাংলাদেশী বোলাররা। মোসাদ্দেকের আজকে (জিম্বাবুয়ের বিপক্ষে) নেওয়া ২০ রানে ৫ উইকেট সেরা বোলিং ফিগারে আছে যৌথভাবে দুই নম্বরে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবও নিয়েছেন ২০ রানে ৫ উইকেট।

তালিকায় সবার উপরে ইলিয়াস সানি, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নেন ১৩ রানে ৫ উইকেট, সেটই প্রথম। এর বাইরে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

৩ ম্যাচের সিরিজ। প্রথমটি গতকাল ১৭ রানে জিতে এগিয়ে যায় জিম্বাবুয়ে। দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। একাদশে এসেছেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। 

বাংলাদেশ দল : লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান,  শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Link copied!