আরও এক বছর বাংলাদেশ ফুটবলের সঙ্গে কাজ করবেন প্রধান কোচ জাভিয়ার কাবরেরা। তবে আগে তিনি মাসিক ৮ হাজার ডলারে চুক্তিবদ্ধ ছিলেন। বর্তমানে তার বেতন বাড়িয়ে ১৩ হাজার ডলারে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যাশিত চুক্তি করেই দেশে ফিরে গেছেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ জাভিয়ার কাবরেরা। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে লেবাননের বিপক্ষে ম্যাচের পর এখন তার হাতে কোন কাজ নেই।
বাংলাদেশের পরের খেলা আগামী বছরের মার্চে। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আরও এক বছরের চুক্তি শেষে আপাতত বাড়ি গেছেন ৩৯ বছর বয়সী এই কোচ। সেখানে বড় দিন পালন করবেন। এছাড়া পারিবারিক বিশেষ প্রয়োজনে একটু আগেভাগে চলে গেছেন। এ বছরে আর ফিরছেন না কাবরেরা।
জাতীয় সংসদ নির্বাচনের পরই জাতীয় দলের কোচের ঢাকায় ফেরার কথা রয়েছে বলে সূত্রে জানা গেছে। নতুন চুক্তিতে কাবরেরা দ্বিগুণ বেতন চেয়েছিলেন (১৫ হাজার ডলার)। তবে পাচ্ছেন সাড়ে ১৩ হাজার ডলারের মতো। এছাড়া অন্যান্য সুবিধা তো রয়েছেই।