সংগৃহীত ছবি
সব অপেক্ষার শেষে মাঠে গড়াচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। উদ্বোধনী ম্যাচের সূচিতে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের প্রথম ম্যাচ।
আসরের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন না থাকায় কিউইদের অধিনায়কের দায়িত্ব আজ টম ল্যাথামের কাছেই থাকছে।
আহমেদাবাদের পিচ বরাবরই ব্যাটিং স্বর্গ হিসাবে স্বীকৃত। এই ম্যাচেও একই চরিত্র থাকবে বলেই আশা করা হচ্ছে। উইকেটে ভালো বাউন্স কিছুটা সুবিধা পাবেন পেসাররা। দিবা রাত্রির দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল শিশির ফ্যাক্টরের কারণে কিছুটা সহায়তা পেতে পারে। যে কারণেই টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন ল্যাথাম।

এই ম্যাচে দুই দলের বেশ কিছু তারকা খেলোয়াড় থাকছেন না। চোটের কারণে নেই বেন স্টোকস। এমনকি নেই ইংলিশদের বিপক্ষে সবচেয়ে সফল বোলার টিম সাউদিও।
এর আগে মুখোমুখি মোট ৯৫ বারের লড়াইয়ে সমান ৪৪টি করে ম্যাচ জিতেছে দুই দলই। পরিত্যক্ত চারটি ও তিনটি টাই। সবশেষ টাই হওয়া ম্যাচটি তো ইতিহাস অন্যতম সেরা।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, জেমস নিশাম ও ট্রেন্ট বোল্ট।