২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল। গ্রুপ পর্বের শীর্ষে থাকা ভারত সেমিতে মুখোমুখি হয় নিউজিল্যান্ডের। ম্যানচেস্টারে বৃষ্টির কারণে দুই দিন ব্যাপী হওয়া সেমিফাইনালে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৩৯ রান। কিউইদের দুর্দান্ত বোলিংয়ে ২২১ রানে অলআউট হয়ে যায় ভারত। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে হারিয়ে ফাইনালে নাম লেখায় নিউজিল্যান্ড। সেই ম্যাচে বিপাকে পড়া ভারতের হয়ে প্রাণপণে লড়েছিলেন জাদেজা ও ধোনি। যেখানে জাদেজার বিদায়ের পর ধোনি দুর্দান্ত এক রান আউটের শিকার হয়েছেন মার্টিন গাপটিলের। সেই ম্যাচই ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
শিরোপা জেতার স্বপ্ন নিয়ে ইংল্যান্ড গেলেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় বিরাট কোহলিদের। বিশ্বকাপেওর এবারের আসরে রাউন্ড রবিন লীগ পেরিয়ে সেমিফাইনালে আবারো ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। আর বিশ্বকাপ মঞ্চেই সেই ক্ষত মুছে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ ভারতের সামনে। এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। এরমধ্যে এগিয়ে কিউইরা। ৫টিতে জিতেছে নিউজিল্যান্ড। ভারতের জয় ৪ টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষ এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সে লড়াইয়ে অবশ্য ভারতীয়দের জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি। কিউইদের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখেই পাড়ি দেয় স্বাগতিকরা।
এ পর্যন্ত ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ ম্যাচে মুখোমুখি হয়ে ৫৮ ম্যাচে জিতেছে ভারত। নিউজিল্যান্ডের জয় আছে ৫০ ম্যাচে। বাকি ১টি ম্যাচ টাই ও ৭টি পরিত্যক্ত হয়। এ বছরের জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডেতে দেখা হয় ভারত ও নিউজিল্যান্ডের। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারত।
আরও একবার সেমিতে ভারতের মুখোমুখি হওয়া বড় চ্যালেঞ্জের মনে করছেন বোল্ট, ‘এই ম্যাচে আমার মনে হয়, অনেক উত্তেজনা এবং সেই চ্যালেঞ্জ থাকবে… যেমনটা আমি বলেছি, দেড় কোটি মানুষের সামনে ভারতের মুখোমুখি হওয়ার চেয়ে বড় কিছু হতে পারে না। হ্যাঁ, এটা খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে।’
‘আয়োজক দলের বিরুদ্ধে খেলতে হবে, আর ভারত এমন একটি দল, যারা দারুণ ছন্দে রয়েছে, ভালো ক্রিকেট খেলছে - আপনি এর চেয়ে ভালো স্ক্রিপ্ট লিখতে পারবেন না। আমরা ভারতের বিপক্ষে অনেক বারই খেলেছি। মেধাবী খেলোয়াড়রা এই পরিস্থিতিগুলো ভালো করেই জানে,’ বলেন বোল্ট।