আয়ারে অসহায় প্রোটিয়ারা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৯, ২০২২, ১০:৪৬ পিএম

আয়ারে অসহায় প্রোটিয়ারা

দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত। এক দিনের সিরিজ়ে সমতা ফেরালেন শিখর ধাওয়ানরা। বল হাতে ডেথ ওভারে দাপট দেখালেন মহম্মদ সিরাজ। ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেললেন ঈশান কিশন এবং শ্রেয়স আয়ার। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।

৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ২৭৮ রান। সেই রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে ভারতও নিজেদের দুই ওপেনারকে হারায়। শিখর ধাওয়ান ২০ বলে ১৩ রান করে আউট হন। ২৮ রান করেন শুভমন গিল। ভারতের অধিনায়ককে ফেরান ওয়েন পার্নেল। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে শুভমানকে ফেরান কাগিসো রাবাডা।

ভারতকে সেখান থেকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান ঈশান কিশান এবং শ্রেয়াস আয়ার। তাঁরা ১৬১ রানের জুটি গড়েন। শতরানের থেকে মাত্র ৭ রান দূরে থামতে হয় ঈশানকে। মহারাজের বলে হেন্ড্রিক্সের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৮৪ বলে ৯৩ রান করেন ঈশান। সাতটি ছক্কা এবং চারটি চার মারেন তিনি।

ঈশান আউট হলেও ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন শ্রেয়াস। ১১১ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন তিনি। এক দিনের ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় শতরান। ১৫টি চার দিয়ে ইনিংস সাজানো ছিল তাঁর। জয়ের রানটিও আসে তাঁর ব্যাট থেকেই। সঞ্জু স্যামসন অপরাজিত থাকেন ৩০ রানে।

সিরিজ়ের শেষ ম্যাচ দিল্লিতে। মঙ্গলবারের ম্যাচটি অঘোষিত ফাইনাল। 

 

 

Link copied!