ডিসেম্বর ১০, ২০২২, ০৬:২৬ পিএম
মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইশান কিশান। এর আগে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ইউনিভার্স বসের চেয়ে ১২ বল কম খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন ইশান।
২৩ চার ও ৯ ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড করলেন ইশান। ৪৯ বলে ফিফটি ছুঁয়েছিলেন রোহিতের ইনজুরিতে সুযোগ পাওয়া ইশান। ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেছিলেন ৩৬ বল। ৮৫ বলে ১৪ চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে যান মুম্বাইয়ের ক্রিকেটার।
সেঞ্চুরির পর আক্রমণের ধার বাড়িয়ে দেন ইশান। তাতে মিলে যায় ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে মাত্র ৪১ বল খেলেছেন তিনি। এ সময়ে ৯ চার ও ৭ ছক্কা হাঁকিয়েছেন।
শেষমেশ তাসকিন আহমেদের বলে লিটনের দারুণ ক্যাচে ২১০ রানে থামেন লিটন।
ইশানের বিদায়ে ভাঙে কোহলির সাথে ২৯০ রানের জুটি। যা বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে কিম্বারলিতে ২০১৭ সালে হাশিম আমলা ও কুইন্টন ডি কক ২৮২ রান করেছিলেন। তাদের জুটি অবশ্য অপরাজিত ছিল।
এরপর বিরাট কোহলি তুলে নেন ক্যারিয়ারের ৪৪তম ওয়ানডে সেঞ্চুরি। ২০১৯ সালের পর পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভারতীয় এ ব্যাটসম্যান পেলেন সেঞ্চুরির দেখা। ১১৩ রান করে সাকিবের বলে লং অনে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৯১ বলে ১১ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংসটি।