এখানে এলে আমি বুঝতেই পারি না যে, ভারতে আছি নাকি বাংলাদেশে: সৌরভ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৭:১৬ পিএম

এখানে এলে আমি বুঝতেই পারি না যে, ভারতে আছি নাকি বাংলাদেশে: সৌরভ

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলের বল রুমে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র’স কাপ সিজন-৩ এর লোগো ও ট্রফি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা আবারও স্মরণ করেছেন। স্মৃতিচারণ করতে গিয়ে সৌরভ বলেছেন, বাংলাদেশের মানুষ আমাকে এত বেশি ভালোবাসে, তাতে আমি বরাবরই মুগ্ধ হই, বিমোহিত হই। আমি যতবার এখানে আসি, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি বুঝতেই পারি না যে, আমি ভারতে আছি নাকি বাংলাদেশে আছি।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনর (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সৌরভ গাঙ্গুলী বলেন, মেয়র’স কাপে ফুটবল, ক্রিকেট, ভলিবল এসব খেলাধুলা হয়। আমি মনে করি এসব খেলাধুলা একটি প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। মাদকমুক্ত তরুণ প্রজন্মের জন্য এসব খেলাধুলার দরকার আছে। এই যে বাংলাদেশের এত এত উন্নয়ন হয়েছে, তা কিন্তু এই তরুণ প্রজন্মের জন্যই। তাই তাদের মাদক থেকে দূরে থেকে কাজ করতে হবে।

বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা বলতে গিয়ে সৌরভ বলেন, বাংলাদেশের মানুষ আমাকে এত বেশি ভালোবাসে, তাতে আমি বরাবরই মুগ্ধ হই, বিমোহিত হই। আমি যতবার এখানে আসি, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি বুঝতেই পারি না যে, আমি ভারতে আছি নাকি বাংলাদেশে আছি।

বাংলাদেশে আসা তার প্রথম স্মৃতিচারণ করতে গিয়ে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘১৯৮৯ সালে আমি প্রথম ঢাকায় আসি। সেই থেকে আমার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক। আমি অনেক দিন পর আবার ঢাকায় এসেছি। বাংলাদেশের সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে।’

তিনি বলেন, অধিনায়ক হিসেবে ভারতের জাতীয় দলে আমার প্রথম টেস্ট ছিল এই বাংলাদেশেই। ঢাকার মিরপুরের মাঠে। সেই দিক থেকে আমার বাংলাদেশের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সৌরভ গাঙ্গুলী মেয়র’স কাপ সিজন-৩ এ অংশগ্রহণ করায় আমরা আনন্দিত। আগামী প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।মাদকমুক্ত তরুণ প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই সৌরভ গাঙ্গুলী আমাদের অনুপ্রেরণা দিতে এসেছেন। মাদকমুক্ত সমাজ গড়তে সৌরভ গাঙ্গুলীর এই আগমন আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

‘মাদক থেকে দূরে থাকি, খেলাধুলায় মেতে থাকি’ স্লোগানকে সামনে রেখেই মেয়র’স কাপ সিজন-৩ এর লোগো ও ট্রফি উন্মোচন করা হয়। লোগো ও ট্রফি উন্মোচন করেন সৌরভ গাঙ্গুলী। পরে তার নাম সংবলিত তিনটি খেলোয়াড় জার্সি তুলে দেয়া হয়।

লোগো ও ট্রফি উন্মোচনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হকসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম খান, আতাহার আলী খান, খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নুসহ আরও অনেকে।

Link copied!