অবশেষে চার বছর পর আজ পর্দা উঠছে এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসরের। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিলো এশিয়া কাপ। ২০১৮ সালের পর ২০২০ সালে এশিয়া কাপের ১৫তম আসর অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু ২০১৯ সালের শেষ দিকে করোনা মহামারি শুরু হলে, ২০২০ সালের এশিয়া কাপ বাতিল হয়। এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তান।
সূচি অনুযায়ী ২০২১ সালে শ্রীলংকার মাটিতে হবার কথা ছিলো এশিয়া কাপ। করোনার প্রভাব অব্যাহত থাকায় ও বছরও এশিয়া কাপও বাতিল হয়।
পরপর দুই বছর এশিয়া কাপ বাতিল হলে, এই টুর্নামেন্ট নিয়ে ২০২১ সালের অক্টোবরে আলোচনায় বসে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আলোচনা শেষে এসিসি ঘোষণা করে, ২০২২ সালে শ্রীলংকায় বসবে এশিয়া কাপ। আর ২০২৩ সালে পাকিস্তানের মাটিতে হবে এশিয়া কাপের ১৬তম আসর।
আগামীকাল ভারত ও পাকিস্তানের মহারণ। এ ম্যাচটিকে নিয়ে আলাপ ও আলোচনার শেষ নেই। এশিয়া কাপে সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে এটি। অবশ্য আজ পর্দা উঠবে শ্রীলংকা ও আফগানিস্তানের ম্যাচটি দিয়ে।