ছিপছিপে ও একহারা গড়নের খেলোয়াড় চাইলে ফ্যাশন শো-তে যান: গাভাস্কর

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৩, ০৭:২৩ পিএম

ছিপছিপে ও একহারা গড়নের খেলোয়াড় চাইলে ফ্যাশন শো-তে যান: গাভাস্কর

সরফারজ খান ইস্যুতে এবার মুখ খুললেন সুনীল গাভাস্কর। ভারতীয় নির্বাচক কমিটির উপর রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। অনবরত দুরন্ত পারফর্ম্যান্স করার পরেও কেন সরফরাজকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না, তার উত্তর জানতে চান গাভাস্কর।

ভারতের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জিতে গত তিন মৌসুমে ২৪৪১ রান করেছেন সরফরাজ। কিন্তু ৯ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া ৪ টেস্টের সিরিজে সরফরাজকে রাখা হয়নি।

গাভাস্কার অবশ্য ব্যাপারটিকে ভালোভাবে নিচ্ছেন না। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে বলেছেন, ‘আনফিট হলে আপনি সেঞ্চুরি করতে পারবেন না। ক্রিকেট খেলার মতো ফিটনেস থাকাটা তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইয়ো ইয়ো টেস্ট কিংবা অন্য সব টেস্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ইয়ো ইয়ো টেস্টই (দলে সুযোগ পাওয়ার) একমাত্র শর্ত হতে পারে না। ক্রিকেট খেলার মতো ফিট থাকলে, সে যে-ই হোক না কেন, তখন ওটা (ইয়ো ইয়ো টেস্ট) আর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না।’

গাভাস্কার এরপর সরফরাজের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘সে তো মাঠের বাইরে থেকে সেঞ্চুরি করছে না। সে মাঠেই আছে। অর্থাৎ, সে ক্রিকেট খেলার মতো ফিট। তবে আপনারা (নির্বাচক) যদি শুধু ছিপছিপে ও একহারা গড়নের খেলোয়াড় নিতে চান তাহলে ফ্যাশন শো-তে যান। সেখানে কিছু মডেল বাছাই করে তাদের হাতে ব্যাট-বল তুলে দিয়ে দলে নিন। ক্রিকেটারদের শারীরিক গড়ন অনেক রকম হয়। শারীরিক গড়ন নয়, রান আর উইকেট দেখুন।’

এছাড়াও তিনি বলেন, আপনাকে সব আকারের ক্রিকেটারকেই বাছাই করতে হবে। শুধুমাত্র আকার দেখে নির্বাচন করা উচিত নয়। রান এবং উইকেট দেখে তবেই নির্বাচন করা উচিত। গাভাস্করের এই ক্ষোভ কার্যত ইঙ্গিত করছে চেতন শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেটার নির্বাচক কমিটিকে।

এর আগে সরফারজ খান বলেছিলেন, ‘আমি যেখানেই যাই সেখানেই আমার শুনতে হয় যে আমি শীঘ্রই ভারতীয় দলের হয়ে খেলব। কিন্তু, একটানা রান করা সত্ত্বেও, প্রতিবারই টিম ইন্ডিয়া নির্বাচনের সময় আমার নাম সেই তালিকায় দেখতে পাই না, যা দেখার পরে হতাশ হয়ে যাই।’

Link copied!