গতকালের অপেশাদার এবং অভদ্র আচরণের জন্য কঠিন শাস্তি পেতে যাচ্ছেন হারমানপ্রিত কৌর। ম্যাচ ফির মোট ৭৫% জরিমানার পাশাপাশি পেয়েছেন সব মিলিয়ে ৪ ডিমেরিট পয়েন্ট।
আইসিসির ডিমেরিট পয়েন্টের নিয়ম অনুযায়ী ২৪ মাসের ভেতর ৪ ডিমেরিট পয়েন্ট পেলে একজন ক্রিকেটার ২ ওয়ানডে অথবা ১ টেস্টের জন্য নিষিদ্ধ হয়ে থাকেন
গতকাল আউট হবার পর আম্পায়ারের সাথে তর্ক করার পাশাপাশি ব্যাট দিয়ে বাড়ি মেরে স্ট্যাম্প ভাঙেন হারমান, এছাড়া ড্রেসিং রুমে ফেরার পথে দর্শকদের ব্যঙ্গ করে থাম্পস-আপ দেখান তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী এগুলো লেভেল -২ এর অফেন্স, এবং এর জন্য একজন ক্রিকেটার ৩-৪ ডিমেরিট পয়েন্ট পেতে পারেন৷ মাঠের দুই আম্পায়ার তানভীর আহমেদ এবং মোহাম্মদ কামরুজ্জামানের রিপোর্টের ভিত্তিতে আইসিসির ম্যাচ রেফারি আখতার আহমেদ হারমানপ্রীতকে এই ঘটনার জন্য ৩ ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফির ৫০% জরিমানা করেন।
অন্যদিকে ম্যাচ শেষে প্রেজেন্টেশনের সময় সরাসরি আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলার ঘটনাকে লেভেল - ১ এর অফেন্স বিবেচনা করে ম্যাচ রেফারি নিজেই হারমানপ্রীতকে আরো ২৫% জরিমানা করার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছেন।
একজন ক্রিকেটারের একই ম্যাচে ৪ ডিমেরিট পয়েন্ট পাওয়া কোন স্বাভাবিক ঘটনা না, এখান থেকেই বোঝা যাচ্ছে হারমানপ্রীত কউর কতটা অখেলোয়াড় সুলভ আচরণ করেছেন গতকাল।
ভারত নারী দলের পরবর্তী সিরিজেই এই শাস্তি কার্যকর করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
তবে শাস্তি কার্যকর হলেই ডিমেরিট পয়েন্ট শূন্য হয়ে যাবে এমন কিন্তু না, পরবর্তী ২৪ মাস এই ৪ ডিমেরিট ক্যারি করবেন হারমানপ্রিত, এবং এই ২৪ মাসের ভেতর যদি তার ডিমেরিট পয়েন্ট ৮ হয়ে যায় তাহলে ৪ ওয়ানডে অথবা ২ টেস্টের জন্য নিষিদ্ধ হবেন তিনি।