দীর্ঘ ৬ বছর পর বিশ্বকাপে খেলার টিকিট পেল জিম্বাবুয়ে। ভারত ও সংযুক্ত আরব আমিরাতে দেখা না গেলেও এবার অস্ট্রেলিয়া বিশ্বকাপে দেখা যাবে আফ্রিকার দেশটিকে। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে ২০১৬ সালের পর প্রথম কোনো বিশ্ব আসরে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। একই সময়ে হওয়া আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন গুঁড়িয়ে জিম্বাবুয়ের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস।
জিম্বাবুয়েতে শুক্রবার হয় বিশ্বকাপ বাছাইয়ের দুটি সেমি-ফাইনাল, কার্যত যা বিশ্বকাপ নিশ্চিত করার লড়াই। এর একটিতে পাপুয়া নিউ গিনিকে ২৭ রানে হারায় ক্রেইগ আরভিনের দল। অন্যটিতে, বাস ডে লেডের অলরাউন্ড নৈপুণ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে নেদারল্যান্ডস।