সেন্ট লুসিয়ায় জয় দেখছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংটা ভাল করতে পারেনি। ৬ উইকেটে ১৩২ রানে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা। এখনো ৪২ রানে পিছিয়ে বাংলাদেশ। ইনিংস হারের শঙ্কাও রয়েছে।
নুরুল হাসান সোহান (১৬) ও মেহেদী হাসান মিরাজ (০) দিনের খেলা শেষে অপরাজিত ছিলেন। টেস্টের আরো ২ দিন বাকি। ক্যারিবীয়রা ২-০ তে সিরিজ জয়ের পথে। অ্যান্টিগাতে ৭ উইকেটে জয় পেয়েছিল তারা।
ওয়েস্ট ইন্ডিজ রবিবার ৪০৮ রানে অলআউট হয়। বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ৫ উইকেট নেন ক্যারিয়ারে প্রথম। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৩৪ রান। বিশাল লিড পেয়ে যায় স্বাগতিকরা। রোদ বৃষ্টির লুকোচুরি ছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার গল্প পুরনো।
এদিকে ইতিহাসে ১০০তম টেস্ট হারতে চলেছে টাইগাররা। ২২ বছর হলো টেস্ট স্ট্যাটাস পাওয়ার। এটা একটি লজ্জার রেকর্ডই বটে।
দ্বিতীয় ইনিংসে সাকিব ১৬, লিটন ১৯, এনামুল ৪, শান্ত ৪২, জয় ১৩ ও তামিম ৪ রানে আউট হন। কেমার রোচ ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। তার এখন মোট উইকেট ২৫২টি।