টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২২, ১২:০৬ পিএম

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং বেছে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এনিয়ে টানা তৃতীবার টস জিতলেন বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাশ।

শনিবার দুপুর ১২ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের শেষ ওয়ানডে শুরু হয়েছে।ঢাকায় প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ‌্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের স্বাদ পাওয়ার সুযোগ রয়েছে তাদের।  ভারতের বিপক্ষে এর আগেও একবার সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিন্তু হোয়াইটওয়াশের স্বাদ পায়নি। এবার কি ভারতকে ৩-০ ব‌্যবধানে হারাতে পারবে বাংলাদেশ? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের দর্শকদের মধ্যে।

শনিবারের ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে এসেছেন ইয়াসির আলী রাব্বী। এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে নেওয়া হয়েছে। ভারতীয় দলেও দুটি পরিবর্তন। রোহিত শর্মার পরিবর্তে খেলছেন ইশান কিশান। দীপক চাহারের জায়গায় খেলছেন কুলদ্বীপ যাদব। 

বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ৩২টি। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ১৬ বার। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার, নিউ জিল্যান্ডকে দুইবার ও পাকিস্তানকে একবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে। এছাড়া জিম্বাবুয়েকে সর্বোচ্চ পাঁচবার হোয়াইটওয়াশ করার রেকর্ডও আছে। তবে ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য হবে বলেই মনে করছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারতীয় একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), ইশান কিশান, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদপ, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

Link copied!