টানা তিন সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন ফখর!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৩, ০১:৩২ পিএম

টানা তিন সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন ফখর!

নিউজিল্যান্ডকে নিয়ে যেন ছেলে খেলায় মেতেছেন পাকিস্তানি ব্যাটার ফখর জামান। পরপর তিন ম্যাচে তিন সেঞ্চুরি করে সাড়া ফেলেছেন ফখর। কিভাবে হলো এ ব্যাটারের উত্থান? কেন তিনি প্রতিপক্ষের জন্য বড় হুমকি?

ফখর জামানের দলে অন্তর্ভূক্তি নিয়ে সমালোচনা কম  হয়নি পাকিস্তানে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ মেলেনি প্রথম থেকে। ২০১৭ সালে পাকিস্তান জাতীয় দলে যায়গা পাওয়া ফখরের ব্যাট হেসেছে দলের প্রয়োজনে। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতার পেছনে বড় ভূমিকা রাখেন এ পাকিস্তানি ব্যাটার।

ইনিংসের শুরুতেই মারকুটে ব্যাটিংয়ে প্রতিপক্ষের মনবল ভেঙে দিতে তার জুড়ি মেলা ভার। অন্যান্য ক্রিকেটাররা যেখানে শুরুতে দেখে খেলতে পছন্দ করেন সেখানে ফখর প্রথম বল থেকেই পাওয়ার হিট করে থাকেন। তাকে অবশ্য অন্যদের থেকে আলাদা করেছে স্লগ সুইপ। পেস কিংবা স্পিনের বিপক্ষে সাবলিল পাওয়ার স্লগ সুইপ খেলে পাঠাতে পারেন সীমানার বাইরে।

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ চার ইনিংসের তিনটির মালিকই এখন ফখর। ওয়ানডেতে পাকিস্তানের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান তিনি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ২১০ রানের ইনিংস খেলেছিলেন ফখর।

পাঁচ বছর ধরে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন গ্রান্ড ফ্লাওয়ার। ফখর জামানের উত্থানের শুরুটা হয়েছে তার চোখের সামনেই। সুতরাং ফখরকে জানতে ফ্লাওয়ারের মূল্যায়নটাও জানা দরকার। পাকিস্তানের ব্যাটিং কোচ বলেন, “আমার কাছে মনে হয়েছে ফখরের সবচেয়ে বড় শক্তি হলো তার সহজাত ব্যাটিং সক্ষমতা। ও যখন পাকিস্তানের ওয়ানডে পরিকল্পনায় আসে, তখন ও একেবারেই অদক্ষ ছিলো। কিন্তু সহজাত ক্ষমতা ওকে এগিয়ে দিয়েছে। ওর ব্যাটিং প্রতিভা সাধারণ নয়।”

নিজের ওয়ানডে ক্যারিয়ারে ৬৭টি ম্যাচ খেলে গড় ৯৪.৩০ স্টাইক রেটে ১০ টি সেঞ্চুরি ও ১৫ টি ফিফটির দেখা পেয়েছেন ফখর জামান। এই ১০ সেঞ্চুরির মধ্যে ৩ টি করেছেন শেষ ৩ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। এরপর চলতি বছরের  ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের দুই ম্যাচে সেঞ্চুরি হাকিয়েছেন ফখর।

গতকাল শনিবারের ম্যাচে ১৮০ রানের ইনিংস খেলার পথে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ড ভেঙেছেন এই ওপেনার। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ডের মালিক এখন ফখর। বাবর ৩০০০ রান করেছিলেন ৬৮ ইনিংসে। ৩০০০ রান করতে ফখরের লেগেছে ৬৭ ইনিংস। ফখর যৌথভাবে দ্রুততম ৩০০০ রানের তালিকায় দ্বিতীয় স্থানে। ফখরের সমান ৬৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ। 

পাকিস্তানের হয়ে ফখরের পরের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি সাঈদ আনোয়ারের, ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন সাবেক এই ওপেনার। পরের দুটি সর্বোচ্চ ইনিংস আবার ফখরের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২১ সালে ১৯৩ আর গতকালের ১৮০ রানের ইনিংস।

পাকিস্তানের পিছিয়ে থাকা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি দরিদ্র পরিবারে জন্ম নেন ফখর। পড়ালেখায়ও খুব বেশিদূর এগোতে পারেননি। জীবনের তাগিদে এক সময় নৌ বাহিনীতে যোগ দেওয়া ফখর এখন বিশ্বসেরা ব্যাটারদের একজন।

Link copied!