শুক্রবার বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম টি টোয়েন্টি

ড্রেসিং রুমের পরিবেশ সবসময় ভাল : সাকিব

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৩, ২০২৩, ০৬:৩৮ পিএম

ড্রেসিং রুমের পরিবেশ সবসময় ভাল : সাকিব

 আফগানিস্তানের  বিপক্ষে দুই  টি-টোয়েন্টি  সিরিজে আগামীকাল  প্রথম ম্যাচেই সংক্ষিপ্ত ভার্সনে  নিজেদের  প্রমাণ করে  উন্নতি অব্যাহত রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।   সিলেট আন্তর্জাতিক  ক্রিকেট স্টেডিয়ামে  আগামীকাল  সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।   
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। এরমধ্যে তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের  নজিরও আছে টাইগারদের। এই ফরম্যাটে সবচেয়ে বেশি দুর্বল বলে বিবেচিত বাংলাদেশের এমন পারফরমেন্স প্রমান করে সংক্ষিপ্ত ভার্সনে উন্নতি করছে টাইগাররা।
এবার এমন একটি দলের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ, যাদের বিপক্ষে খুব বেশি সাফল্য নেই তাদের। এই ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে ৯টির মধ্যে ৩টিতে জয় ও ৬টিতে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৭ উইকেটে জয় পেয়েছিলো আফগানিস্তান। এমন ফল আফগানদের আধিপত্যকে ফুটিয়ে তুলে। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে মোট তিনটি জয়ের মধ্যে দু’টিই সাম্প্রতিক সময়ে পেয়েছে টাইগাররা।
এই সিরিজেই পরিসংখ্যান পাল্টে দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানান, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল তৈরি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধারাবাহিকতা অ্যাবহত রাখা।
আজ সাকিব বলেন, ‘এই ফরম্যাটে আমরা উন্নতি করছি, যা আমাদের সাম্প্রতিক পারফরমেন্সে ফুটে উঠেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা কিছু ম্যাচ জিতেছি। আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘আফগানিস্তান  কঠিন প্রতিপক্ষ এবং ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে। আমাদের মনে রাখতে হবে টি-টোয়েন্টিতে বড় বা ছোট দল বলে কিছু নেই। আমরা ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছি।  কিন্তু আয়ারল্যান্ডের কাছে একটি ম্যাচ হেরেছি। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের দু’টি ম্যাচই জিততে চাই এবং এই ফরম্যাটে আমাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’

তার আগে সংবাদ সম্মেলনে সাকিবের সামনে আসে ড্রেসিংরুমের অবস্থা নিয়ে। তবে সাকিব দাবি করেন ড্রেসিংরুমের পরিবেশ ঠিকই আছে। অন্যান্য পরাজয়েও ড্রেসিংরুমের পরিবেশ তেমন পরিবর্তন হয় না। সাকিব আল হাসান বলেন, ‘আসলে দেখেন, বাইরে থেকে অনেক কিছু অনেক রকম মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি আমরা কখনো আনসেটল ছিলাম কিংবা এখন আছি। আমি মনে করি পরিবেশ সব সময় ভালো আছে।’  

Link copied!