বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ের ম্যাচে অংশ নিতে না পারা প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে বাফুফের অবস্থান ব্যাখ্যা করেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন।
জাতীয় নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইয়ে খেলার জন্য বিদেশে না পাঠানোয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন পাওয়ার কথাও জানান বাফুফে সভাপতি। তার ভাষ্য, ‘কেন আমি যোগাযোগ করিনি সেই কথাও শুনতে হয়েছে। আমার কাছে জানতে চাওয়া হয় কত টাকা লাগবে এখনই বলো। আমি বলেছি, এখন টাকা দিলেও পাঠাতে পারব না। কারণ, নাম প্রত্যাহার হয়ে গেছে। আসলে প্রধানমন্ত্রীকে বিষয়টি না জানানো আমার ভুলই ছিল।’
ছয় মাস আগে সাফ জিতে দেশের সম্মান উজ্জ্বল করেছিলেন, সেই মেয়েরাই অর্থ সংকটে অলিম্পিকের বাছাই খেলতে যেতে পারলেন না। কয়েকদিন ধরে গণমাধ্যমে ভেসে বেড়ানো এই খবর জেনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তো তিনি তাঁর কার্যালয়ের মাধ্যমে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কাছে জানতে চেয়েছেন, কেন দল পাঠানো হলো না। তাঁকেও কেন জানানো হয়নি।