ভারতের ফুটবল ফেডারেশন ২০৪৭ সাল পর্যন্ত একটা পরিকল্পনা নিয়েছে। তারা একটা অবস্থানে যাবে। বাংলাদেশ ২০২৬ সালে বিশ্বকাপে খেলবে এমন কথার পর আর কোনো আশ্বাস পাওয়া যায়নি। কোনো ভিশন বা লক্ষ্যমাত্রা ঠিকও হয়নি আসলে।
চার বছর পর, কিংবা আট বছর পর বিশ্বকাপ খেলার ঘোষণা নয়। দেশের স্বাধীনতার শতবর্ষে ভারতীয় ফুটবলের ২৪ বছরের ‘ভিশন’ ঘোষণা করল ভারতীয় ফুটবল ফেডারেশন। তবে নতুন কমিটির প্রথম চার বছরের জন্য শুরুতে একটি স্বল্পমেয়াদি পরিকল্পনাও থাকছে। যেখানে চার বছরের মধ্যে ভারতীয় ফুটবলের মূল লক্ষ্য হল, পুরুষ এবং মহিলা ফুটবলে ভারতীয় দলকে থাকতে হবে এশিয়ার প্রথম দশের মধ্যে। এছাড়া ঘরোয়া ফুটবলে এই চার বছরের মধ্যে ১৪টি দলকে নিয়ে প্রথম এবং দ্বিতীয় ডিভিশন লিগও অনুষ্ঠিত হবে।
দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ ‘ভিশন ২০৪৭’ এর মধ্য দিয়ে ভারতীয় ফুটবলের ভবিষ্যত রূপরেখা তুলে ধরেন। বলা হয়েছে, ২০৪৭’এ ভারতের স্বাধীনতার শতবর্ষে ভারতীয় ফুটবল হবে এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দেশ।
সোনালি দিন ফেরানোর পরিকল্পনা করতে গিয়ে যে ভিশন ২০৪৭ তৈরি হয়েছে, তার ব্যাখ্যা করতে গিয়ে সাজি প্রভাকরণ বলেন, ‘২০৪৭ এর মধ্যে ফেডারেশন অন্তত এই ব্যাপারে নিশ্চয়তা দিতে চায় যে, বিভিন্ন প্রতিযোগিতা মিলে প্রতিবছর ফুটবলাররা যাতে কম করে ৫৫টি ম্যাচ খেলতে পারবে।’