বাতিল সফট সিগন্যাল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২৩, ০৮:৫৫ পিএম

বাতিল সফট সিগন্যাল

সফট সিগন্যালের বিপক্ষে অনেক ক্রিকেটারই অবস্থান নিয়েছে। এ সিদ্ধান্তের বিপক্ষে মন্তব্য করতে গিয়ে জরিমানা গুনতে হয়েছে বিরাট কোহলি, মার্নাশ লাবুশানদের। অবশেষে এই সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে এই সফট সিগন্যালের ইতি টানতে চলেছে আইসিসি। এরই মধ্যে এই তথ্য ফাইনালে ওঠা দুদলকে জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির তরফ থেকে। 

এমনটিই জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ। তাদের প্রতিবেদনে উঠে এসেছে আইসিসির ক্রিকেট কমিটি সফট সিগন্যালের নিয়ম বাতিল করে আইন সংশোধনের অনুমতি দিয়েছে। এই কমিটির নেতৃত্বে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সাধারণত কোনো সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা থাকলে মাঠের আম্পায়াররা থার্ড আম্পায়ারের সহায়তা চান। সেই সময় নিজেদের একটি মত জানিয়ে দেন আম্পায়াররা। তৃতীয় আম্পায়ার অনেক সময় সিদ্ধান্ত নিয়ে দোটানায় ভুগলে মাঠের আম্পায়ারের মতকেই গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত জানানো হয়।

এই নিয়ম বাতিলের ফলে থার্ড আম্পায়ারের গুরুত্ব আরও বাড়বে। এখন থেকে মাঠের আম্পায়ারদের মতামত ছাড়াই স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারবেন থার্ড আম্পায়ার। ফলে বিতর্কিত সিদ্ধান্তের সংখ্যা অনেকাংশেই কমে আসতে পারে।

সফট সিগন্যালের নিয়মের সঙ্গে আরও দুটি নিয়মের পরিবর্তন আনতে চলেছে আইসিসি। এর মধ্যে একটি হলোÑ দিনের আলো কমে গেলে ফ্ল্যাড লাইটের আলোয় ম্যাচ চালিয়ে যাওয়ার নিয়ম চালু হচ্ছে। সেই সঙ্গে টেস্ট ম্যাচেও রিজার্ভ ডের প্রচলন হতে যাচ্ছে। যদিও সব বিষয়ই চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 

 

Link copied!