আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বদলে ফেলা হয়েছে বিপিএলের টিভি ধারাভাষ্যকারদের পোশাক। বাংলাদেশের আতাহার আলী, শামীম আশরাফ চৌধুরী, ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস, দক্ষিণ আফ্রিকার এইচডি অ্যাকারম্যান ও শ্রীলঙ্কার রোশান অভিসিংহে কালো জমিনে সাদা পাঞ্জাবি পরেছেন। নারী সঞ্চালক পামেলা ভাটুরিয়া পরেছেন সাদা ও কালো শাড়ি।
গতকাল (বৃহস্পতিবার) অনেক রাতে বিসিবি থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যার প্রথমেই আছে বিশেষ পোশাক। বলা হয়েছে সকল ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ পোশাক পরিধান করবেন।