বুয়েন্স আয়ার্সে মেসির রেকর্ড ও আবার বিশ্বকাপ জয়ের আনন্দ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৩, ১২:৪৮ পিএম

বুয়েন্স আয়ার্সে মেসির রেকর্ড ও আবার বিশ্বকাপ জয়ের আনন্দ

আরও একবার বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠলো লিওনেল মেসিরা। বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার সঙ্গে আন্তজার্তিক প্রীতি ম্যাচ ছিল। ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি গোলও পেয়েছেন। ফুটবল ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

কাতারে ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর ক্লাব ফুটবলের ব্রেকের পর প্রথম ঘরের মাঠে খেলতে নামল আর্জেন্টিনা। ফুটবলারদের পরিবার সাথে ছিল। আবারও বিশ্বকাপ জয়ের আনন্দ হলো। কান্নায় ও আবেগে একে অপরকে জড়িয়ে ধরলেন। আর্জেন্টিনার ফুটবলাররা বিশ্বকাপের রেপ্লিকা তুলে ধরলেন। কাতারের লুসাইল স্টেডিয়ামের সে আনন্দঘন রাত যেন ফিরে এলো আবার। 

মেসি রেকর্ডও করলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর ক্লাব ও দেশের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ৮০০ গোলের মালিক হলেন লিওনেল মেসি। রোনালদো ৮৩০ গোল করে শীর্ষে অবস্থান করছেন।

Link copied!