ভারত ও পাকিস্তানের মহারণ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২২, ১১:১৩ পিএম

ভারত ও পাকিস্তানের মহারণ

মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। এ দুই দেশের লড়াইটা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর হিসেবেই পরিচিতি লাভ করেছে । এই মর্যাদার লড়াইয়ে জিততে মুখিয়ে থাকে দু’দলই। তাই প্রতিবারই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে থাকে বাড়তি উন্মাদনা। এবারও এর ব্যতিক্রম নয়। 

টুর্নামেন্টে এ’ গ্রুপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপের অন্য দল হংকং। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে নাম লেখায় তুলনামুলক দুর্বল দলটি।

রাজনৈতিক সমস্যার কারনে দ্বিপাক্ষীক সিরিজ খেলে না দু’দেশের ক্রিকেট বোর্ড। সর্বশেষ ২০১২ সালে দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিলো ভারত-পাকিস্তান। তাই একে অপরের মুখোমুখি হতে ভারত-পাকিস্তানের অপেক্ষা করতে হয়- আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপের জন্য। এবার এশিয়া কাপের মঞ্চে লড়বে ভারত ও পাাকিস্তান। 

১৯৫২ সালে টেস্ট দিয়ে  আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। তখন থেকেই বাড়তি উত্তেজনা বিরাজ করে ভারত-পাকিস্তান লড়াইয়ে। সেই উত্তাপ এই আধুনিক যুগে একটুও কমেনি, বরং আরও বেড়েছে। নিয়মিত দ্বিপাক্ষীক  সিরিজ না হওয়াতেই উত্তাপ বহুগুনে বেড়ে গেছে।

সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছিলো ভারত-পাকিস্তানের। এরপর থেকেই পরের ভারত-পাকিস্তান লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে পড়ে ক্রিকেটপ্রেমিরা। অবশেষে দীর্ঘ ১০ মাস পর আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচ।  

তবে ভারত-পাকিস্তান লড়াইকে স্রেফ একটি ‘ম্যাচ’ বলেই মনে করেন দু’দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। তাদের মতে, এটি অন্যান্য ম্যাচের মতই। তবে চাপ অনুভব করেন দলে থাকা ক্রিকেটাররা। 

বাড়তি চাপ থাকায়, মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া ভারত ও পাকিস্তান। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘সকলেই এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। খুব চাপের ম্যাচ এটি, তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে দলের পরিবেশ হালকা পরিবেশ রাখতে চাই।’

Link copied!