বিপিএলকে কেন্দ্র করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এখন সরগরম। ৭টি দলের অনুশীলন শুরু হয়েছে। রংপুর শুধু বসুন্ধরা কমপ্লেক্সে অনুশীলন করছে। ফরচুন বরিশাল কাল অনুশীলন করেছে। এর আগে মেহেদী হাসান মিরাজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন। এ বছর বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবেন তিনি বলে জানান।
অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপ রয়েছে। ২০১৯ সালে সর্বশেষটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশে অনুষ্ঠিত হয়। সে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড। মিরাজ বাংলাদেশের দুর্দান্ত অলরাউন্ডার। তার পারফরম্যান্সে নজর থাকবে সবার। আবার সাকিব আল হাসান ও তামিম ইকবালের শেষ বিশ্বকাপ। সব মিলিয়ে ওয়ানডে দল হিসেবে বাংলাদেশ বেশ থ্রেট প্রতিপক্ষের কাছে। বাংলাদেশ এই ফরম্যাটটিতে সব সময় ভাল খেলে আসছে।
মিরাজ বরিশালকে এবার ভাল কিছু দিতে চান। তবে বছরের শুরুতে বিশ্বকাপ নিয়েও কথা উঠলো। তিনি বলেন,‘ ২০২৩ এ আমাদের অনেক বড় ইভেন্ট আছে। বিশ্বকাপকে ঘিরে সব পরিকল্পনা করা হবে। নিজেকে মেন্টালি আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো। আরো কিভাবে রেডি করা যায় সেটা নিয়ে কাজ করবো। বিশ্বকাপ ভারতে হবে। তার আগে অনেক সিরিজ ও ম্যাচ আছে। আমরা যদি এখন থেকে প্রিপারেশন নেই তাহলে আমাদের জন্য অনেক ভাল হবে।’