মেসি গোল করছেন আর রামোস তাকে জড়িয়ে ধরে গোল উদ্যাপনে সঙ্গী হচ্ছে -এমন দৃশ্য দূরতম কল্পনাতেও হয়তো ছিল না কারো। কিন্তু এটাই এখন বাস্তবতা। এমনটাই দেখা গিয়েছে ট্রফি দো চ্যাম্পিয়নের ম্যাচে নঁতের বিপক্ষে পিএসজির শিরোপা জয়ের রাতে।
৪-০ ব্যবধানে নঁতেকে হারিয়ে ট্রফি দো চ্যাম্পিয়নের শিরোপা জিতে মৌসুমের শুরুটা রাঙিয়েছে পিএসজি। সে ম্যাচে পিএসজির প্রথম গোলটা করেছিলেন মেসি। ব্যাকহিলে দারুণ এক গোল করেছেন রামোসও। সঙ্গে জোড়া গোল করেন নেইমার। আর প্রত্যেকটা গোল উদ্যাপনে দারুণ হৃদ্যতা দেখা গেছে এক সময়ের দুই বৈরী ফুটবলারকে। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার সেই উন্মত্ত প্রতিদ্বন্দ্বিতা ঝেরে ফেলে এ যেন নতুন মেসি-রামোস।
ট্রফি দোঁ চ্যাম্পিয়ন জয়ের পর রামোসের কণ্ঠে মেসিবন্দনা। শিরোপা উৎসবের রাতে তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্মানের ব্যাপার। তার প্রশংসা করতে হয় না, সে নিজের খেলা দিয়েই প্রশংসা আদায় করে নেয়। আশা করি, সে এভাবেই খেলা চালিয়ে যাবে।'