মেসির হাতে ফটোশপ করা বাংলাদেশের পতাকা ভাইরাল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২২, ০৬:৩৬ পিএম

মেসির হাতে ফটোশপ করা বাংলাদেশের পতাকা ভাইরাল

বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনা আর উম্মাদনার সমাহার। আর বাংলাদেশকে ছাড়াই  ফুটবল বিশ্বকাপের উন্মাদনা যেনো অসম্পূর্ণ থেকে যায়। এবিষয়টি ভাল করেই জানে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন বা ফিফা। তাইতো সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ে উল্লাসে মেতে ওঠা বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের ছবি প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

সংস্থাটির অফিসিয়াল টুইটারে লিখেছে- ফুটবল ছাড়া অন্য কোনো কিছু মানুষকে এভাবে একত্রিত করতে পারে না। ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি বাংলাদেশের ঢাকায়।  

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা ও ব্রাজিল-দুই শিবিরের সমর্থনে বিভক্ত। দুই দলের দুই মহাতারকা মেসি ও নেইমারে বুঁদ হয়ে থাকেন তরুণরা। লাতিন আমেরিকার এই দুই দেশের ফুটবলের কর্তাব্যক্তিরাও এ ব্যাপারে ওয়াকিবহাল।

বাংলাদেশিদের এই সমর্থনকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উল্লাস করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ছবি দেখে প্রথমেই এর সত্যতা নিয়ে ধাক্কা খেতে পারেন সমর্থকরা। ছবিটি আসলে ফটোশপে তৈরি করা। তবে ফেসবুক পোস্টটি সত্য। মূলত এর মাধ্যমে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের সম্মান জানাল তারা। বানানো ছবির মাধ্যমে হলেও এটা বাংলাদেশি আর্জেন্টাইন ফ্যানদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা।

ছবিটি পোস্ট করে তাতে তিন শব্দের ক্যাপশন দেওয়া হয়েছে। লেখা হয়েছে ‘লিওনেল মেসি বাংলাদেশ’। এমন ভার্চুয়াল উপহারে দারুণ খুশি এ দেশের মেসিভক্তরা। অনেকেই ওই পোস্টের নিচে মন্তব্য করে আর্জেন্টনাকে ধন্যবাদ জানাতে ভুল করেনি।

Link copied!