কোথাও আশা বা ভরসা পেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী মৌসুমে সম্ভবত চ্যাম্পিয়নস লিগে তার খেলা হচ্ছে না। ফলে ক্যারিয়ারে প্রথমবার তিনি ইউরোপা লিগে খেলতে চলেছেন। ম্যানচেস্টারে ফিরেছেন। এখানে নতুন চুক্তি নিয়ে আলোচনা করবেন।
নতুন কোচ এরিক টেন হাগের অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচ বা অনুশীলন করেননি পর্তুগিজ সুপারস্টার। এমনকি দলটির প্রাক-মৌসুম প্রস্তুতিতে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাননি তিনি। সোমবার (২৫ জুলাই) ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার মানচেস্টারে ফিরেছেন।
রোনালদোর ম্যানচেস্টারে ফেরাকে ক্লাব কর্তৃপক্ষ ভালো লক্ষ্মণ হিসেবেই দেখছে। সূত্রের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর থেকে যাওয়ার সম্ভাবনা জোড়ালো হচ্ছে।
রোনালদো চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখে চেষ্টা করেছেন। তবে সেসব ক্লাবে যাওয়া হলো না।