ইতালিয়ানদের রস-কষ কম, এ কথা কেউ বিশ্বাস করবে না। কার্লো আনচেলত্তিকে দেখে সেটা মনে হওয়ার কথাও না। চ্যাম্পিয়নস লিগের সব কিছু হাতের উল্টো পিঠের মতই তিনি চেনেন। গত মৌসুমে পিছিয়ে থেকেও ম্যানসিটিকে হারায় রিয়াল মাদ্রিদ। আর পরে তো চ্যাম্পিয়নই হয়। এবার ম্যানচেস্টারে এসে রসিকতা করেই বললেন, আমরা জানি ম্যানসিটির আগে গোল দেওয়ার সম্ভাবনা রয়েছে। গত মৌসুমে কি হয়েছিল সবাই সেটা জানে।’
মাদ্রিদের প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছে। এবার ইতিহাদে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ইউরোপের দুই শক্তিধর কাব মুখোমুখি হচ্ছে। ইতিহাস ও সফলতা বলছে, ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ফেবারিট। আবার বর্তমান ফর্মেও তারা কম নয়। কিন্তু রিয়ালের টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্বপ্ন পথে বসে আছেন আরলিং হালান্ড নামের এক তরুণ তারকা। যিনি এ মৌসুমে গোলের রেকর্ড ভাঙবেন বলে পণ করে এসেছে ইংল্যান্ডে।
মাদ্রিদের স্বস্তির কারণ মিলিতাও দলের সঙ্গে রয়েছেন। ভিনিসিয়াস ও রড্রিগো অনুশীলন করেছেন। বেনজেমাকে দেখা গেল ম্যানচেস্টারে গিয়ে নির্ভার। সব মিলিয়ে পেপ গার্দিওলার জটিল ফুটবল না কার্লো আনচেলত্তির ওয়ান টাচ ফুটবলের জাদু দেখা যাবে আজ? ইতিহাসের হিসাবে ম্যানচেস্টার তো রিয়াল মাদ্রিদের সামনে কিছুই নয়! যেখানে সিটি এখনো চ্যাম্পিয়নস লিগই জেতেনি। যদিও গার্দিওলা একবার ফাইনালে নিলেও চেলসির কাছে সেবার হেরে যেতে হয়েছে। আরো একবার ফাইনাল ডাকছে সিটিকে। আর এবার ভরসা হালান্ড, কেভিন ডি ব্রুইন , বার্নাডো সিলভা ও ফিল ফোডেনরা। সিটি কি পারবে মিরাকল খ্যাত রিয়াল মাদ্রিদকে হারিয়ে মিরাকল উপহার দিতে?