যুব সাফে এবার ভারতকে হারাল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২২, ০৬:৫৩ পিএম

যুব সাফে এবার ভারতকে হারাল বাংলাদেশ

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশ। বুধবার ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

ম্যাচের ৩ গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ নোভা। ভারতের পক্ষে গোল করেন গুরকিরাত সিং।

দুই দেশের যুব দলের ম্যাচ হলেও উত্তাপ পাওয়া যাচ্ছিল ভালোই। কখনো কখনো মনে হচ্ছিল মাঠে খেলছে বাংলাদেশ-ভারত জাতীয় দল। ভারতের ভূবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের উপস্থিত কিছু স্থানীয় সমর্থক ভুভুজেলা বাজিয়ে উৎসাহ দিচ্ছিল স্বাগতিক দলকে। কিন্তু তাতে কাজ হয়নি। দুই প্রতিবেশীর লড়াইয়ে ভারত হেরেছে বাংলাদেশের কাছে।

গত ম্যাচের জয়ের নায়ক মিরাজুল ইসলামকে আজ মাঠেই নামাননি বাংলাদেশ কোচ পল স্মলি। আসলে মিরাজুলকে বদলি নামানোর প্রয়োজনই হয়নি। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ভারতকে আটকে রেখে প্রত্যাশিত জয়টা তুলে নিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয়। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালের আশা উজ্জ্বল করেছে বাংলাদেশের যুবারা। ৫ দেশের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ ২৯ জুলাই মালদ্বীপের সাথে। ৫ দল ৪টি করে ম্যাচ খেলার সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল খেলবে ফাইনালে।

বাংলাদেশের শেষ লিগ ম্যাচ নেপালের সঙ্গে।

Link copied!