গত মৌসুমে প্যারিসে তারকার হাট বসিয়ে ছিল পিএসজি। সময়ের অন্যতম সেরা তিন ফুটবলার লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে আছেন এই ক্লাবে। ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারতেন এই ত্রয়ীর সতীর্থ। কিন্তু পর্তুগিজ যুবরাজ কে প্রত্যাখ্যান করেছে ফরাসি ক্লাবটি। গতকাল ফরাসি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান বিস্ফোরক এই তথ্য দিয়েছে।
আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দর্শক সারিতে থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ কারণে দলবদল করতে চাইছেন দলের সেরা খেলোয়াড় রোনালদো। ভালো প্রস্তাব এলে তাকে বিক্রি করে দিতেও ক্লাবকে অনুরোধ জানান‘সিআর সেভেন’। কিন্তু স্রেফ ক্লাবের অপেক্ষায় না থেকে রোনালাদো নিজেও এদিক-সেদিক উঁকি মারছেন।
সম্প্রতি রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিস বৈঠক করেছেন চেলসির নতুন মালিক টোড বোহলির সঙ্গে। গুঞ্জন রটেছে কিছ ুদিন আগে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি এবং ক্লাবের নতুন ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোসের সঙ্গেও কথা হয়েছে মেন্ডিসের। দুজনের সঙ্গেই তার গভীর আন্তরিকতা রয়েছে।
খেলাইফি এবং ক্যাম্পোস কে মেন্ডিস ইঙ্গিত দেন ক্লাব বদল করতে চান রোনালদো। কিন্তু পিএসজির তরফ থেকে আগ্রহ দেখানো হয়নি। বরং মেন্ডিসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি। এর সম্ভাব্য কারণ দুটি। প্রথমটি ক্লাবের ক্রীড়া নীতি। পিএসজির নতুন কোচ ক্রিস্টোফ গালতিয়েরের পরিকল্পনায় নেই রোনালদো।
দ্বিতীয় কারণ আর্থিক। তবু পর্তুগিজ তারকাকে উড়িয়ে আনতে গেলে বিরাট আর্থিক ঝামেলায় পড়তে হবে পিএসজিকে। এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়ন করে পারিশ্রমিকের বিশ^রেকর্ড গড়েছে প্যারিসিয়ানরা। দলের অন্য দুইতারকা মেসি এবং নেইমারের বেতনও আকাশ ছোঁয়া। রোনালদোকে আনলেতাকেও চড়া বেতন ও সুযোগ-সুবিধা দিতে হবে।
তাতে করে নিশ্চিতভাবেই উয়েফার আর্থিক নীতিলঙ্ঘন করা হবে। তাই ঝুঁকি এড়াতে রোনালদোর এজেন্ট মেন্ডিসকে হতাশ করেছে পিএসজি। তবে এমবাপ্পেকে ছেড়ে দিয়ে ৩৭ বছরবয়সী তারকাকে দলে টানার সুযোগ ছিল তাদের। কিন্তু রোনালদোর বদলে ফরাসি সেনসেশনকেই বেছে নিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
ইউনাইটেডের নতুন কোচ এরিক টেনহাগ তার পরিকল্পনায় রেখেছেন রোনালদোকে। তাতে করে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে চেলসি। পশ্চিম লন্ডনের ক্লাবটি রোনালদোকে দলে টানতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। পর্তুগিজ তারকাও এমন একটি ক্লাবের সন্ধানে আছেন যারা চ্যাম্পিয়নসলিগে খেলবে এবং আর্থিকভাবে স্বচ্ছল। সেই হিসেবে চেলসিতার জন্য সম্ভাব্য সেরা ঠিকানা হতে পারতো।
কিন্তু তাকে ছাড়পত্র দিতে চাইছেনা রেড ডেভিলসরা। শেষ পর্যন্ত ইংলিশ ক্লাবটি তাদের সিদ্ধান্তে বহাল থাকলে প্রথমবারের মতো রোনালদো খেলবেন ইউরোপের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগে।