শেষ সময়ে বাংলাদেশের জয়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২২, ০৯:৪৬ পিএম

শেষ সময়ে বাংলাদেশের জয়

৯০ মিনিট পেরিয়ে তখন ম্যাচের যোগ করা সময়। ঠিক সেই সময়ে গোল পেয়ে পূর্ণ তিন পয়েণ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে নাটকীয় এক জয় মেলে লাল সবুজ শিবিরে। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ই-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ। মজার বিষয় হল, জয় পাওয়া ম্যাচের দুটি গোলই পেয়েছে বাংলাদেশ আত্মঘাতির মাধ্যমে। 

ম্যাচের শুরু থেকেই সিঙ্গাপুরকে চাপে রেখে খেলতে থাকে বাংলাদেশ। যার ফলে ছত্রভঙ্গ হয়ে পড়ে সফরকারীদের রক্ষণভাগ। এই সুযোগে একটি গোল আদায় করে নেয় ইমরান খান বাহিনী। ম্যাচের ১০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোল এগিয়ে যায় বাংলাদেশ। নাজিম উদ্দিন বাঁ প্রান্ত দিয়ে উড়ন্ত ক্রস করেন সতীর্থ মিরাজুলের উদ্দেশ্যে। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করে নিজেদের জালেই জড়িয়ে হতাশায় ভেঙ্গে পড়েন সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রাইডেন গোহ (১-০)। সতীর্থরা তাকে স্বান্তনা দেয়ার চেষ্টা করেন। মিনিট সতের পর সমতায় ফেরে সিঙ্গাপুর। সতীর্থের কাছ থেকে বল পেয়ে স্বাগতিকদের বক্সের মাথা থেকে মুহাম্মদ সাইয়াজয়ান ডান পায়ের উড়ন্ত শট নেন। কিন্তু ঝাঁিপয়ে পড়েও তা রুখতে পারেননি স্বাগতিক গোলকিপার সোহানুর রহমান (১-১)। গ্যালারিতে উপস্থিত প্রায় আড়াই হাজার দর্শক স্তব্ধ হয়ে পড়েন। নিরবতা নেমে আসে কমলাপুর স্টেডিয়ামে। সেই দর্শকরাই ম্যাচ শেষে আনন্দ নিয়ে বাড়ি ফিরেছেন। কারন নির্ধারিত ৯০ মিনিট পার হলে যোগ হয় আট মিনিট। সেই আট মিনিটের অন্তিম সময়ে বাঁ প্রান্ত দিয়ে লম্বা থ্রো করেন মো. রাতুল। উড়ে আসা বলে ব্যাক হেড করেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার। বল উড়ে গিয়ে পোস্টের কাছে পড়ছিল। সেই বল সিঙ্গাপুরের গোলকিপার আইসাক লি গ্রিপে নিতে গিয়ে ব্যর্থ হন। তার হাত ফসকে বল গোললাইন গড়িয়ে জালে প্রবেশ করে (২-১)। 

Link copied!