শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরজ জিতে নিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে এসেই সাকিব জানালেন তিনি নিজেও ভাবেননি এভাবে তিন ম্যাচেই জিতে যাবে বাংলাদেশ।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা নিয়ে সাকিব বলেন, ভাবনাটা আসলে ওভাবে ছিল না।সিরিজ শুরুর আগে এটা নিয়ে কেউ চিন্তাও করিনি আমাদের সব ম্যাচ জিততে হবে বা এমন কিছু হবে। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখতে, বোলিংয়ে ভালো করেছি ,তিন ম্যাচেই আমাদের ফিল্ডিংটা অসাধারণ হয়েছে। টি-টোয়েন্টিতে যেখানে ২-৪-১০-১৫-২০ রান পার্থক্য তৈরি করে, সেই জায়গাতে অনেক বড় টিক মার্ক দিয়েছি।
দলের পারফরম্যান্স নিয়ে সাকিব জানান, দলে যারা খেলছে, বিশেষত টি-টোয়েন্টি সিরিজে তারা সবাই বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা প্রভাব রেখেছে। এখানে যারা পাঁচ-ছয়জন ভালো ব্যাটিং করেছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার ছিলো। যারা সর্বোচ্চ উইকেট নিয়েছে, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। আর যেহেতু খুব বেশি গ্যাপ ছিল না। টানা খেলার ভেতরে থাকাটা আমাদের সাহায্য করেছে।