সাকিবকে আর শুভেচ্ছাদূত হিসেবে রাখছে না দুদক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২২, ১১:২০ পিএম

সাকিবকে আর শুভেচ্ছাদূত হিসেবে রাখছে না দুদক

অনলাইন ভিত্তিক বেটিংসাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বেটউইনারের সঙ্গে বিতর্কিত চুক্তি, শেয়ার কেলেঙ্কারিসহ নানা অভিযোগে ভিন্ন মাধ্যমে জড়িয়েছে  বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম। মূলত তখন থেকেই আলোচনায় ছিলেন সাকিব আল হাসান  দেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হিসেবে থাকতে পারবেন কি না। তবে  নিজেদের শুভেচ্ছাদূত হিসেবে আর সাকিবকে রাখা হচ্ছে না-বিষয়টি বৃহস্পতিবার জানিয়ে দিলো দুদক।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান বলেন, “ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে আর রাখা হবে না। যদিও চুক্তি অনুযায়ী তিনি এখনো শুভেচ্ছাদূত। তবে ভবিষ্যতে চুক্তিটি নবায়ন করা হবে না।”

কেন সাকিবকে শুভেচ্ছাদূত রাখা হচ্ছে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাকিব আল হাসান এখন বিতর্কিত। আর কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চায় না। তাই সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে দুদক আর ব্যবহার করবে না।”

দুদক সূত্র জানায়, দুদক ২০১৮ সালে সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত নিয়োগ দিতে চুক্তি করে। তবে গত আগস্ট থেকেই একের পর এক বিতর্কিত ঘটনায় নাম জড়াচ্ছে টাইগার অধিনায়কের। এ ছাড়া সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির পাশাপাশি বাবার ভুল নাম দেওয়ার অভিযোগও রয়েছে। বিসিবির তিরস্কারের শিকার হন সাকিব। পরে বিসিবি শক্ত অবস্থান নেয়। তাতে সেই চুক্তি থেকে সরে আসেন তিনি। 

Link copied!