প্রচণ্ড অর্থকষ্টে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রজনীকান্ত বর্মণকে নগদ ৩০ লাখ টাকার নগদ অর্থ সহায়তার পাশাপাশি ঘর বানিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০০৩ সালের সাফজয়ী জাতীয় দলের অধিনায়ককে সহায়তা ও বাড়ি বানিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ফুটবলার আবদুল গাফফার।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘রজনী বর্মনের ব্যাপারে ক্রীড়া সাংবাদিকরা যে ভাবে এগিয়ে এসেছিলেন তার ফল হিসেবে প্রধানমন্ত্রী রজনীকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও তাকে গাজীপুরে একটি বসতবাড়ি করে দেওয়ার জন্য সরকারিভাবে অনুদানের জন্য ডিসিকে বলে দিয়েছেন।’
সাবেক ফুটবলার আবদুল গাফফার গণমাধ্যমকে আরও জানান, “রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্ত ফুটবলার কাজী আনোয়ার, যিনি ১৯৮১ সালে ছিলেন আবাহনীর অধিনায়ক এবং ১৯৮২ সালে ফুটবল মাঠ থেকে আরও তিন ফুটবলারের সঙ্গে গ্রেপ্তার হয়ে ১৭ দিন জেল খেটেছিলেন, তাঁকে ২০ লাখ টাকা ও একটি ফ্ল্যাট এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাইক্লিস্ট ফারহানা শিলাকে ১ লাখ টাকা নগদ ও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে গাফফার বলেন, ‘খেলাধুলার মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়ান মাননীয় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল। তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।”
এদিকে, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে খুব খুশী এক সময়ে দেশের অন্যতম সেরা ডিফেন্ডার রজনীকান্ত বর্মণ। গণমাধ্যমকে তিনি বলেন, “এই খবর আমার জন্য অত্যন্ত আনন্দের। আমার এই দুঃসময়ে সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এত বড় সহায়তা করছেন। এটা আমাকে নতুন করে বাঁচার স্পৃহা জোগাবে। তাই ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর কাছে চীর কৃতজ্ঞ।` রজনী কৃতজ্ঞতা জানিয়েছেন দেশ রূপান্তরকেও, `দুঃসময়ে দেশ রূপান্তর আমার পাশে দাঁড়িয়েছিল। তারাই প্রথম আমার দুর্দশার কথা প্রচার করে। তাই তাদের কাছেও কৃতজ্ঞতার শেষ নেই।”
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি জাতীয় দৈনিকের খেলার পাতায় ‘ভালো নেই সোনালি সাফল্যের অগ্রনায়ক’ ও ‘সব হারিয়ে এখন আমি নিঃস্ব’ শিরোনামে রজনীকান্ত বর্মণকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রকাশিত প্রতিবেদন দুটি চোখ এড়ায়নি সরকারের উপর মহলের। রজনীর দুর্দশার কথাটা ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মারফৎ পৌঁছে যায় সরকার প্রধান শেখ হাসিনার কাছে। প্রধানমন্ত্রী নিজে রজনীকে ফোন করে খোঁজ খবর করেন এবং সহায়তার প্রতিশ্রুতি দেন।