বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিশ্বকাপ কে সামনে রেখেই কাজ করবেন। তবে এর আগে নানা প্রশ্ন তার দিকে গেল। ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। আর হোম কন্ডিশনের সুবিধা নিয়েও এক পর্যায়ে চটে যান।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বপ্রাপ্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে তিনি তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে হালকা ধারণা দেন।
এবার নিয়ে দ্বিতীয় দফায় কাজ করতে এসেছেন তিনি। ২০১৭ সালে চলে গিয়েছিলেন। ৫৪ বছর বয়সী এই শ্রীলংকান জানান, বাংলাদেশে ফিরবেন এটা গত বছর অস্ট্রেলিয়ায় বিসিবির কর্মকর্তাদের সাথে আলাপ করে ধারণা করতে পেরেছেন। আর তার ইচ্ছে ছিল কোনো জাতীয় দলের দায়িত্ব পান। তিনি বলেছেন,‘আমি চলে যাওয়ার পরও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করেছি। সময়ে সময়ে আমার সঙ্গে অনেক খেলোয়াড়, কর্মকর্তার যোগাযোগ হয়েছে। সেটা বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে। বাংলাদেশ ক্রিকেট সব সময়ই আমার হৃদয়ে আছে। কারণ, সেটা ছিল আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। ব্যাক অব দ্য মাইন্ডে ছিল আবার বাংলাদেশে ফিরবো। কিন্তু ভাবিনি এতোটা দ্রুত হবে। ‘বিশ্বকাপ চলাকালিন প্রেসিডেন্ট (বিসিবি) এবং কিছু অফিসিয়ালের সঙ্গে বৈঠক করেছি। সেখানেই আলোচনা হয়েছিল কিছু বিষয় নিয়ে। ভেবেছি এখনই সেরা সময় এখানে ফেরার। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আছে। নিউ সাউথ ওয়েলসের মৌসুম শেষে ফিরলে দেরি হয়ে যেত। তাই বিগ ব্যাশ শেষ হওয়ার সাথে সাথেই আমি সিদ্ধান্ত নিই এখনই ভালো সময় বাংলাদেশে ফেরার।’
সিনিয়র ক্রিকেটারদের ওপর তার অনীহা রয়েছে। এমন প্রশ্নের জবাবে তিনি জানান,‘ রাবিশ প্রশ্ন! আমি এভাবে কখনই ভাবিনি।’
ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশের থেকে অনেক প্রত্যাশা,‘কোচরা সবসময়ই চাপে থাকেন। দল ভালো করলে কোচরা টিকে যান। দল ভালো না করলেও কোচের দিকে আঙুল তোলা হয়। আমাদের সবারই প্রত্যাশা থাকে। দেশের সবারই প্রত্যাশা আছে। কারণ, এটা (ওয়ানডে বিশ্বকাপ) ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এমন একটা ফরম্যাটে এই প্রত্যাশাটা যেখানে আমরা খুব ভালো খেলি। তাই প্রত্যাশাটা অনেক বড়। এটা সম্পূর্ণভাবে আমরাই নিয়ন্ত্রণ করতে পারি। আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি নিজেদের সামর্থ্য অনুযায়ী। বড় খেলোয়াড় এবং মূল খেলোয়াড় যারা আছে তারা প্রত্যেকে ফিট এবং সুস্থ থাকেন। আমরা যদি সেরকম কিছু করতে চাই অবশ্যই আমাদের সেভাবেই বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে।’