৫ ছক্কায় কলকাতাকে জেতালেন রিঙ্কু সিং

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২৩, ০৯:৩০ পিএম

৫ ছক্কায় কলকাতাকে জেতালেন রিঙ্কু সিং

শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয়ের জন্য দরকার ছিল ২৯ রানের। সবচেয়ে ভাইটাল ওভারটি করতে আসেন গুজরাট টাইটান্সের ইয়াশ দয়াল। তার প্রথম বলে উমেশ যাদব নেন এক রান। শেষ ৫ বলে কলকাতার দরকার তখন ২৮ রান। এই অবস্থায় দাঁড়িয়ে দয়ালকে টানা পাঁচটি ছক্কা হাঁকান কলকাতার রিঙ্কু সিং। তার এই ঝড়ো ইনিংসেই শেষ বলে জয় তুলে নেয় কলকাতা। রিঙ্কু অপরাজিত থেকে করেন ২১ বলে ৪৮ রান। যার মধ্যে ছিল ৬টি ছয় ও একটি চার। 

গুজরাটের করা ২০৪ রান শেষ বলে টপকে যায় কলকাতা। তারা করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৭ রান। কলকাতার হয়ে ভেঙ্কাটেস আইয়ার করেন ৪০ বলে ৮৩ রান। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছয়ের মার। এ ছাড়া নিতিশ রানা ৪টি চার ও ৩টি ছয়ের সহায়তায় ২৯ বলে ৪৫ রান করেন। গুজরাটের রশিদ খান ৩টি উইকেট নেন। দুটি পান আলজারি যোসেফ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট। 

Link copied!