ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে রাশিয়া, অভিযোগ মার্কিন দূতের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ১২:১৩ পিএম

ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে রাশিয়া, অভিযোগ মার্কিন দূতের

ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ওকসানা মারকারোভার দাবি, ইউক্রেনে চলমান লড়াইয়ে গতকাল সোমবার রাশিয়া নিষিদ্ধ ঘোষিত ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। গতকাল কংগ্রেসে মার্কিন আইনপ্রণেতাদের কাছে চলমান পরিস্থিতির সারসংক্ষেপ উপস্থাপনের সময় এ অভিযোগ করেন তিনি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল কংগ্রেসে বক্তব্য দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওকসানা মারকারোভা। তিনি তখন বলেন, তারা (রাশিয়া) আজ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। অথচ তা জেনেভা কনভেনশন অনুযায়ী নিষিদ্ধ।

প্রতিবেদনে বলা হয়, ভ্যাকুয়াম বোমার ক্ষেত্রে প্রচলিত গোলাবারুদ ব্যবহার করা হয় না। এ ক্ষেত্রে উচ্চচাপ তৈরি করে আশপাশের এলাকার অক্সিজেন টেনে নিয়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়।

তবে রাশিয়া সত্যিকার অর্থেই ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে কি না, তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে, এর আগে চেচনিয়া রুশ প্রজাতন্ত্রে এ ধরনের বোমার ব্যবহার দেখা গিয়েছিল।

গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনেও বলা হয়েছিল, রাশিয়ার বেলগোরোদ শহরের কাছে একটি ভ্যাকুয়াম রকেট লঞ্চার দেখা গেছে।

Link copied!