মে ৯, ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একই পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি বাস সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
লোহাগাড়া থানার পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্ত যান সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।