গত মে মাসে স্বাভাবিকের চেয়ে ৪৪ ভাগ কম বৃষ্টি হয়েছে। চলতি জুন মাসেও কম বৃষ্টি হতে পারে। তবে এ মাসে একাধিক লঘুচাপ ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া জুন মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে এবার স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।
এদিকে জুন মাসে কম বৃষ্টির কথা বলা হলেও এ মাসে উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বাংলাদেশে মে মাসে গড় বৃষ্টি হয় ২৮৪ মিলিমিটার। আর মে মাসে বৃষ্টি হয়েছিল ১৫৯ মিলিমিটার। দেশের আট বিভাগের মধ্যে এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয় সিলেটে। এ অঞ্চলে মে মাসে গড় বৃষ্টির পরিমাণ ৫১০ মিলিমিটার। কিন্তু গত মাসে হয়েছে ২৫৭ মিলিমিটার। মে মাসে সাধারণত ২৪ দিন সিলেটে বৃষ্টি হয়। এবার হয়েছে ১৬ দিন। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রংপুর বিভাগে। এ বিভাগে প্রায় ৫১ ভাগ বৃষ্টি কম হয়েছে।
গত মে মাসের শুরুটাই হয়েছিল প্রচণ্ড গরমের মধ্য দিয়ে। সপ্তাহ ধরেই চলে সেই গরম। এর মধ্যে বঙ্গোপসাগরে দেখা দেয় লঘুচাপ। সেটি নিম্নচাপ থেকে ক্রমে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়। এ ঘূর্ণিঝড় ১৪ মে কক্সবাজার উপকূল পার হয়। মোখার প্রভাবে কক্সবাজার ও এর আশপাশের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। তবে সারা দেশে বৃষ্টিপাত হয় এর দুই দিন পর থেকে। কয়েক দিন বৃষ্টির পর আবার শুরু হয় প্রচণ্ড গরম। মে মাসের শেষ থেকে জুনের শুরুতে তা অব্যাহত রয়েছে।