রাজধানীতে কমেনি তাপপ্রবাহ, তবে দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২৩, ০১:০৮ পিএম

রাজধানীতে কমেনি তাপপ্রবাহ, তবে দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটিই গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। এ সময়ে রাজশাহী ও বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি।

অন্যদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। খুলনা ও যশোরেও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়ও মৃদু তাপপ্রবাহ বইছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) আরও আগেই সারাদেশে বিস্তার লাভ করেছে, এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। তবে ক্যালেন্ডারের হিসাব ধরে আজ বৃহস্পতিবার আষাঢ়ের প্রথম দিন, শুরু হলো দ্বিতীয় ঋতু বর্ষাকাল। আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। গত কিছুদিন ধরে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। বৃষ্টি কম উত্তরাঞ্চলে।

রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!