ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৬:৩৯ এএম

ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজা চার্লস

ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। 

সোমবার বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি।

চার্লস গত মাসে তিন রাত হাসপাতালে কাটিয়েছেন। সেখানে তাঁর প্রোস্টেটের চিকিৎসা হয়। হাসপাতালে চিকিৎসাকালে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অন্য একটি বিষয়ে উদ্বেগ দেখা দেয় বলে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে। তবে তাঁর কোন ধরনের ক্যানসার হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

তবে ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, রাজা চার্লসের প্রোস্টেট ক্যানসার হয়নি।

যদিও রাজপরিবারের সদস্যরা সাধারণত তাদের স্বাস্থ্যের বিষয়ে গোপনীয়তা রক্ষা করে। এটিকে তারা ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে। কিন্তু চার্লস তার সাম্প্রতিক চিকিৎসা সম্পর্কে খোলামেলা ছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক্সে (সাবেক টুইটার) রাজাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমার কোনো সন্দেহ নেই যে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আমি জানি পুরো দেশ তাকে শুভকামনা জানাবে।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, রাজা তার ক্যান্সার শনাক্তের খবর দুই ছেলেকেই নিজে জানিয়েছেন। বড় ছেলে প্রিন্স উইলিয়াম তার বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

ছোট ছেলে প্রিন্স হ্যারিও তার বাবার সঙ্গে কথা বলেছেন এবং তাকে দেখতে শিগগিরই যুক্তরাজ্যে ফিরবেন। ২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকে আমেরিকান স্ত্রী মেগান মার্কেল ও দুই সন্তানকে নিয়ে ক্যালিফোর্নিয়াতেই বসবাস করছেন হ্যারি।

মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের। 

Link copied!