অক্টোবর ২, ২০২২, ০২:৩০ পিএম
ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮০ জন।
আজ রবিবার ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার রাতে মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। ইন্দোনেশিয়া পুলিশ বলছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁদের থামাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলনে নিহত হন।
এ ঘটনায় শোক প্রকাশ করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো বলেছেন, খেলার মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে। তিনি আশা করেন, 'ইন্দোনেশিয়ার ফুটবলের ইতিহাসে এটিই হবে শেষ দুর্ঘটনা।'
তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশটির শীর্ষ ফুটবল লিগ বিআরআই লিগা ১ এর সব খেলা বন্ধ রাখতে ফুটবল অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছেন।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।